https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে সুইডেন। তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে গেছে দলটি।
ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে মাতিয়াস সভানবার্গের গোল থেকে। বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ১৬ থেকে ১৮ সেকেন্ডের মধ্যেই গোল করেন তিনি। তবে গোলের সঠিক সময় নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। পরিসংখ্যান প্রতিষ্ঠান অপটার হিসাবে সময় ১৮ সেকেন্ড, আর অন্য একটি পরিসংখ্যান অনুযায়ী ১৬ সেকেন্ড। ফলে এটি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম বদলি খেলোয়াড়ের গোল কি না, তা নিশ্চিত হতে ফিফার আনুষ্ঠানিক প্রতিবেদনের অপেক্ষা করতে হবে।
অপটার তথ্য অনুযায়ী, বিশ্বকাপে বদলি নেমে সবচেয়ে দ্রুত গোলের রেকর্ড এখনও উরুগুয়ের রিচার্ড মোরালেসের দখলে। তিনি ২০০২ বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে মাঠে নেমে ১৬ সেকেন্ডের মধ্যেই গোল করেছিলেন।
তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে সুইডেনের হয়ে জোড়া গোল করেন ইয়াসিন আয়ারি। সপ্তম মিনিটে দলের প্রথম এবং যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পঞ্চম গোলটি করেন তিনি। অন্য গোলগুলো করেন আলেকসান্দার ইসাক, ভিক্টর ইয়োকেরেস এবং সভানবার্গ। তিউনিসিয়ার একমাত্র গোলটি করেন ওমর রেকিক।
এই জয়ে তিন পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে সুইডেন। একই গ্রুপের অন্য ম্যাচে নেদারল্যান্ডস ও জাপান ২-২ গোলে ড্র করেছে।
গ্রুপ পর্বে সুইডেনের পরবর্তী ম্যাচ ২০ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে। আর এক দিন পর জাপানের মুখোমুখি হবে তিউনিসিয়া।