https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপের আগে ইরান দলের প্রথম সংবাদ সম্মেলনটি ফুটবলের চেয়ে রাজনীতি নিয়েই বেশি সরগরম ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রায় সব প্রশ্নই ছিল ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক, যুদ্ধ পরিস্থিতি, ভিসা জটিলতা এবং দলের প্রস্তুতিতে রাজনৈতিক প্রভাব নিয়ে। শেষ পর্যন্ত ফরোয়ার্ড মেহেদি তারেমিকে আক্ষেপ করে বলতে হয়, ফুটবল নিয়ে কেউ কোনো প্রশ্নই করলেন না।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছে ইরান। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা এবং দলের বেস ক্যাম্প পরিবর্তনের কারণে শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তারা।
সংবাদ সম্মেলনে ইরানের প্রধান কোচ আমির গালেনোই রাজনৈতিক বিতর্কে জড়াতে চাননি। তিনি বলেন, তাদের কাজ ফুটবল খেলা এবং দেশের ভেতরে ও বাইরে থাকা সব ইরানির প্রতিনিধিত্ব করা। রাজনীতি নিয়ে মন্তব্য করার পরিবর্তে তিনি দলকে ঘিরে তৈরি হওয়া প্রতিকূল পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান।
লস অ্যাঞ্জেলেসে ইরানের ম্যাচের ভেন্যুর বাইরে প্রবাসী ইরানিদের একটি অংশ বর্তমান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গেও গালেনোই সংযত অবস্থান নেন। তিনি বলেন, প্রতিটি ইরানিকেই তারা সম্মান করেন।
অভিজ্ঞ ফরোয়ার্ড মেহেদি তারেমিও একই সুরে কথা বলেন। তার ভাষ্য, ফুটবল এমন একটি খেলা যা মানুষকে একত্রিত করতে পারে। তিনি বলেন, বহু বছর ধরে ইরান একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে পরিচিত এবং বিশ্বকাপে তাদের লক্ষ্য বিশ্বের যেখানেই ইরানিরা থাকুক, তাদের মুখে আনন্দ ফোটানো।
তারেমি আরও বলেন, প্রত্যেক মানুষের নিজস্ব মতামত থাকতে পারে এবং সেটিকে তারা সম্মান করেন। তবে জাতীয় দলের ফুটবলার হিসেবে তাদের দায়িত্ব মানুষকে একত্রিত করা, রাজনৈতিক বিতর্কে জড়ানো নয়।
সংবাদ সম্মেলনের শেষ দিকে কিছুটা হতাশা নিয়েই তারেমি সাংবাদিকদের উদ্দেশে বলেন, কেউই ফুটবল নিয়ে কোনো প্রশ্ন করেননি। অথচ সামনে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। একই সঙ্গে রসিকতার সুরে বলেন, রাজনৈতিক খবর জানতে চাইলে সাংবাদিকদের অন্য কোনো রাজনৈতিক সংবাদ সম্মেলনে যাওয়া উচিত।
বিশ্বকাপে ইরানের যাত্রা শুরু হওয়ার আগেই ফুটবলের বাইরের নানা ইস্যু দলটিকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তবে খেলোয়াড় ও কোচ দুজনেই স্পষ্ট করে দিয়েছেন, তাদের মূল মনোযোগ মাঠের খেলাতেই।