https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট তুলে নিয়েছে সৌদি আরব। গ্রুপ এইচের ম্যাচে দুই দল ১-১ গোলে ড্র করেছে।
যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে এগিয়ে যায় সৌদি আরব। ৪১তম মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন আব্দুলেলাহ আল-আমরি। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সৌদি দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় উরুগুয়ে। ফেদেরিকো ভালভার্দে, ম্যানুয়েল উগার্তে ও ডারউইন নুনিয়েজদের নেতৃত্বে একের পর এক আক্রমণ চালায় দক্ষিণ আমেরিকার দলটি। তবে সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস দুর্দান্ত নৈপুণ্যে বেশ কয়েকটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন।
ক্রমাগত চাপের মুখে অবশেষে ৮০তম মিনিটে সমতায় ফেরে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। ম্যাক্সি আরাউহোর গোলে ম্যাচে ফেরে তারা। শেষ সময়ে জয়সূচক গোলের জন্য দুই দলই চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি।
এর আগে গ্রুপের অন্য ম্যাচে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয়। ফলে প্রথম রাউন্ড শেষে গ্রুপ এইচের চার দলই সমান ১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে।
গোল করার সুবাদে গোল ব্যবধানে সৌদি আরব ও উরুগুয়ে স্পেন ও কেপ ভার্দের চেয়ে এগিয়ে রয়েছে। পরবর্তী ম্যাচে সৌদি আরব মুখোমুখি হবে স্পেনের, আর উরুগুয়ে খেলবে কেপ ভার্দের বিপক্ষে।