রাষ্ট্র একসময় গণমাধ্যমকে দমিয়ে রাখার মানসিকতায় পরিচালিত হতো, সেই যুগ এখন অতীত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার ভাষায়, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সহযোগী অংশীদার হিসেবে কাজ করতে চায় এবং সাংবাদিকদের পেশাগত সমস্যার সমাধানে একসঙ্গে এগিয়ে যেতে আগ্রহী।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘সংবাদপত্রের কালো দিবস’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
তথ্যমন্ত্রী বলেন, অতীতে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্র গণমাধ্যমের ওপর চোখ রাঙানোর নীতি অনুসরণ করত। কিন্তু বর্তমান সরকার সেই অবস্থান থেকে সরে এসে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে দেখছে সরকার।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন সংবাদপত্রের কণ্ঠরোধের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতার ওপর বড় আঘাত এসেছিল, যা আজও কালো দিবস হিসেবে স্মরণ করা হয়। তবে বর্তমান সময়ের চ্যালেঞ্জ কেবল অতীত নয়, বরং প্রযুক্তিনির্ভর নতুন বাস্তবতা—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল মাধ্যমের অপব্যবহার।

মন্তব্য করুন