https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করতে সফটওয়্যারের নতুন সংস্করণে ব্লকচেইনভিত্তিক ফিচার যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এতে অনলাইন পেমেন্ট সুবিধা এবং রেকর্ড ট্র্যাকিংয়ের উন্নত প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী।
মঙ্গলবার (১৬ জুন) সংসদ ভবনে সংরক্ষিত নারী আসনে সরকারি দলের সদস্য নিপুন রায় চৌধুরীর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। প্রশ্নটি ছিল জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ স্থানীয় সরকার সেবায় হয়রানি ও দালাল চক্রের ভূমিকা কমানোর বিষয়ে।
মন্ত্রী বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সফটওয়্যারের ভার্সন-২ উন্নয়নের কাজ চলছে। নতুন সিস্টেমে অনলাইন পেমেন্ট সুবিধা যুক্ত করা হবে।” তিনি আরও জানান, সিস্টেমে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যেকোনো তথ্য পরিবর্তনের পূর্ণাঙ্গ লগ রাখা সম্ভব হবে, ফলে তথ্য সংশোধনের প্রতিটি ধাপ শনাক্ত করা যাবে।
তার মতে, এই প্রযুক্তি ব্যবহারের ফলে তথ্যের স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে এবং জালিয়াতি বা অনিয়মের সুযোগ কমবে।
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সহজীকরণ এবং জনভোগান্তি কমাতে সারা দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হলো ডিজিটাল সেবা ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ এবং নাগরিকবান্ধব করা।