সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন দেওয়ার দাবি জানানো জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমানকে মাইক্রোওয়েভ ওভেন উপহার দেওয়ার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে ওয়াশিং মেশিনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর প্রতিও অনুরোধ জানান।
পার্থ বলেন, সংসদ সদস্যদের জনগণের সমস্যা ও দাবিদাওয়া নিয়ে কথা বলা উচিত। সেখানে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন কিংবা পর্দার মতো ব্যক্তিগত সুবিধার দাবি সংসদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের বক্তব্য সংসদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি দেশের গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। তাই সংসদ সদস্যদের আচরণ ও বক্তব্যে সেই মর্যাদা প্রতিফলিত হওয়া প্রয়োজন।
জামায়াতের সংসদ সদস্যদের গাড়ি ও প্লট না নেওয়ার ঘোষণার প্রসঙ্গ টেনে পার্থ বলেন, যখন বড় সুবিধাগুলো প্রত্যাখ্যান করা হয়েছে, তখন সংসদে দাঁড়িয়ে মাইক্রোওয়েভ বা ওয়াশিং মেশিনের দাবি তোলা বিস্ময়কর।
হালকা রসিকতার সুরে তিনি বলেন, আমার ভাই যেহেতু বিষয়টি তুলেছেন, তাই উনাকে আমি ব্যক্তিগতভাবে একটি মাইক্রোওয়েভ ওভেন দিতে চাই। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, ওয়াশিং মেশিনটি যদি তিনি দেন। আর পর্দার প্রয়োজন হলে সেটির ব্যবস্থাও করা যেতে পারে। তবে সংসদকে যেন এ ধরনের বিষয়ে বিব্রত হতে না হয়।
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জামায়াতের সংসদ সদস্য মিজানুর রহমান সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও পর্দা দেওয়ার দাবি জানিয়েছিলেন। তার সেই বক্তব্যকে ঘিরেই সংসদে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন