ঢাকা
২৮ আগস্ট ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৯ জুন ২০২৬   ৪১ বার পঠিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ছবি: -সংগৃহীত

 

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক মানবিক বিষয়ক সেগমেন্টে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এ আহ্বান জানান। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তিনি বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানবিক আইন বজায় রাখা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করা জরুরি। পাশাপাশি সংঘাত প্রতিরোধে বিনিয়োগ বাড়ানো এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। একইসঙ্গে নারী ও কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর সহিংসতা ও অপব্যবহার মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গঠনের আহ্বানও পুনর্ব্যক্ত করেন তিনি।

তিনি রোহিঙ্গা নারী ও কিশোরীদের সহায়তায় চলমান অর্থায়ন সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এ সংকটের দ্রুত ও টেকসই সমাধানের ওপর জোর দেন।

রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান।

অনুষ্ঠানের ফাঁকে তিনি ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।