সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও একজন সাংবাদিক গ্রেফতারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তিনি বিষয়টি শান্তিপূর্ণ ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।
প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, সংশ্লিষ্ট ঘটনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং সকল পক্ষকে সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা তিনি সমর্থন করেন না।
এছাড়া মামলার পরবর্তী পরিস্থিতি ঘিরে সাংবাদিক সমাজে যাতে কোনো বিভেদ বা উত্তেজনা না তৈরি হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে। একই সঙ্গে গ্রেফতার হওয়া সাংবাদিকের মুক্তির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে মত দিয়েছেন তিনি।
অন্যদিকে শিক্ষা খাতে ব্যক্তিগত নাম ব্যবহার নিয়ে অবস্থান স্পষ্ট করে প্রতিমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ে একটি ডিও লেটার পাঠিয়েছেন। সেখানে তিনি নিজের বা পরিবারের সদস্যদের নামে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ না করার অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন ব্যক্তি বা পক্ষ তার নামে শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব দিচ্ছেন, যা তিনি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য মনে করেন। তিনি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও স্বাতন্ত্র্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, তাঁর নির্বাচনী এলাকায় ব্যক্তিগত উদ্যোগে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠলেও ভবিষ্যতে নতুন কোনো প্রতিষ্ঠানে তাঁর বা পরিবারের নাম যুক্ত না করার বিষয়টি নিশ্চিত করতে চান।

মন্তব্য করুন