প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের অংশ হিসেবে ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে ঘিরে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
পররাষ্ট্র সচিব বলেন, ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ওই বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, সংযোগ ও উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন খাতে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হবে।
তিনি জানান, সফরের ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে আলোচনা হবে। একই দিনে প্রধানমন্ত্রী বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
সচিব আরও বলেন, সফরের অংশ হিসেবে চীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত “বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম”-এ প্রধানমন্ত্রী অংশ নেবেন এবং চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানাবেন।
সফর শেষে ২৬ জুন বিকেলে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

মন্তব্য করুন