https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর ইরান কোনো ধরনের টোল বা শুল্ক আরোপ করতে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ ধরনের কোনো শুল্ক আরোপের বিষয় থাকলে তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই হতে পারে।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
ট্রাম্পের দাবি, যুদ্ধবিরতির আওতায় নির্ধারিত ৬০ দিনের সময়কালে হরমুজ প্রণালিতে কোনো টোল আরোপ করা যাবে না। এমনকি এই সময়সীমা শেষ হওয়ার পরও ইরানের শুল্ক আদায়ের অধিকার থাকবে না বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌপথ সুরক্ষায় যুক্তরাষ্ট্রের ভূমিকার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ভবিষ্যতে ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর হরমুজ প্রণালি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। যুদ্ধবিরতি সমঝোতার অংশ হিসেবে ৬০ দিনের জন্য জলপথটি উন্মুক্ত রাখার বিষয়ে সম্মতি হয়েছিল বলে জানা যায়।
তবে ইরানের যৌথ সামরিক কমান্ড দাবি করেছে, সমঝোতার শর্ত লঙ্ঘনের কারণে তারা আবারও হরমুজ প্রণালি বন্ধ করেছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জলপথে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য অংশ পরিবহন করা হয়। ফলে হরমুজ প্রণালিকে ঘিরে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
এদিকে চলমান সংকট নিরসনে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। উভয় পক্ষের প্রতিনিধিদল ইতোমধ্যে সেখানে পৌঁছেছে বলে জানা গেছে।