https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনা ইতোমধ্যেই তুঙ্গে। দ্বিতীয় দিনেই বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও শক্তিশালী নেদারল্যান্ডস। অন্যদিকে ব্রাজিল, প্যারাগুয়ে ও মরক্কো জায়গা করে নিয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালে। এবার শেষ ৩২-এর লড়াইয়ে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ৩টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সুইডেনের মুখোমুখি হবে ফ্রান্স।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম সতীর্থদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তার মতে, হারানোর কিছু না থাকা প্রতিপক্ষ আরও ভয়ংকর হয়ে উঠতে পারে, তাই সুইডেনকে কোনোভাবেই অবমূল্যায়ন করার সুযোগ নেই।
দেশম বলেন, সুইডেন চাপমুক্ত হয়ে খেলবে এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। তাই ফ্রান্সকে বিনয়ী থেকে সর্বোচ্চ মনোযোগ ও দৃঢ়তা নিয়ে মাঠে নামতে হবে। তিনি আরও বলেন, গ্রুপ পর্বে ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকলেও নকআউটে একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে।
মায়ের শেষকৃত্যে অংশ নিতে দেশে যাওয়ায় নরওয়ের বিপক্ষে ফ্রান্সের ৪-১ গোলের জয়টি মাঠে থেকে দেখা হয়নি দেশমের। শনিবার তিনি দলের সঙ্গে আবারও যোগ দেন। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্টে অংশ নিয়েছে।
গ্রুপ পর্বে শুরুটা কিছুটা ধীরগতির হলেও পরে ছন্দে ফেরে লেস ব্লুজরা। সেনেগালকে ৩-১ গোলে হারানোর পর ইরাককে ৩-০ এবং নরওয়েকে ৪-১ গোলে পরাজিত করে তারা। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। একই কীর্তি রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সহ-আয়োজক মেক্সিকোরও। এছাড়া গ্রুপ পর্বে ১০ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছে ফ্রান্স। দলের হয়ে গোল করার তালিকায় আছেন কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে।
দেশমের ভাষায়, গ্রুপ পর্বের সাফল্য আত্মবিশ্বাস বাড়িয়েছে, তবে নকআউট পর্বে সবকিছু নতুন করে শুরু হবে। তাই প্রতিটি ম্যাচেই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই খেলতে হবে।
অন্যদিকে, বাছাইপর্বে নিজেদের গ্রুপে শেষ হলেও উয়েফা নেশনস লিগের পারফরম্যান্সের সুবাদে প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় সুইডেন। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানে হারলেও তিউনিসিয়াকে ৫-১ গোলে হারানো এবং জাপানের সঙ্গে ড্র করার ফলে সেরা তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে উঠতে সক্ষম হয় তারা।