https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জাপানের বিপক্ষে নকআউট ম্যাচে প্রথমার্ধ শেষে এক গোলে পিছিয়ে ছিল ব্রাজিল। তখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়ের শঙ্কাই বড় হয়ে দেখা দিয়েছিল। তবে বিরতির সময় ড্রেসিংরুমে কোচ কার্লো আনচেলত্তির শান্ত ও অনুপ্রেরণামূলক বার্তাই বদলে দেয় ম্যাচের চিত্র।
ম্যাচের আগে জাপানের এক ফুটবলার মন্তব্য করেছিলেন, ‘ব্রাজিল আর আগের মতো নেই।’ সেই মন্তব্যের পর থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। তার ওপর প্রথমার্ধে পিছিয়ে পড়ায় চাপ আরও বেড়ে যায় সেলেসাওদের ওপর।
দ্বিতীয়ার্ধে অবশ্য ভিন্ন রূপে দেখা যায় ব্রাজিলকে। অধিনায়ক ক্যাসেমিরোর গোলে সমতায় ফেরার পর বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোল ব্রাজিলকে নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।
২০০২ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে পিছিয়ে পড়ে আর কোনো ম্যাচ জিততে পারেনি ব্রাজিল। ফলে জাপানের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য বড় এক পরীক্ষায় পরিণত হয়েছিল। সেই কঠিন মুহূর্তে খেলোয়াড়দের শান্ত থাকতে এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে নির্দেশ দেন আনচেলত্তি।
ম্যাচ শেষে ক্যাসেমিরো জানান, বিরতির সময় কোচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল মাথা ঠান্ডা রাখা। তিনি বলেন, শান্ত থেকে নিজেদের খেলাটা খেলতে পারাতেই দল ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে এবং এই জয়ের কৃতিত্ব পুরো দলের।
তরুণ ও বদলি খেলোয়াড়দেরও প্রশংসায় ভাসান ব্রাজিল অধিনায়ক। তার মতে, মার্তিনেল্লির গোল, এন্ড্রিকের ইতিবাচক পারফরম্যান্স এবং রাফিনহার পরিবর্তে নামা রায়ানের অবদান প্রমাণ করেছে, বিশ্বকাপ জিততে শক্তিশালী দলগত মানসিকতার কোনো বিকল্প নেই।
গোলরক্ষক অ্যালিসন বেকারও কোচের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিরতির সময় আনচেলত্তি খেলোয়াড়দের আত্মবিশ্বাস জুগিয়েছেন এবং সবাইকে ধৈর্য ধরে খেলার পরামর্শ দিয়েছেন। খেলোয়াড়রাও একে অপরকে শান্ত থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস বলেন, শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াই ব্রাজিলের পরিচয়। একই কথা বলেন ম্যাচের নায়ক মার্তিনেল্লিও। তার ভাষায়, কখনো হাল না ছাড়া ব্রাজিলের ফুটবল সংস্কৃতির অংশ এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে জয় তুলে নেওয়ায় তিনি দারুণ আনন্দিত।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, আধুনিক ফুটবলে কঠিন সময় আসবেই। গুরুত্বপূর্ণ হলো সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং মানসিকভাবে দৃঢ় থাকা।
এদিকে, কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট অথবা নরওয়ে। এই দুই দলের বিজয়ীর মুখোমুখি হবে সেলেসাওরা আগামী ৬ জুলাই নিউ জার্সিতে।