টানা বৃষ্টিতে বান্দরবানের সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় থানচি উপজেলার তিন্দু, রেমাক্রী ও নাফাখুম এলাকায় কয়েকশ পর্যটক আটকা পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাঙ্গু নদীপথে ভ্রমণে সতর্কতা জারি করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৬ জুলাই) দুপুরে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকা হওয়ায় আটকে পড়া পর্যটকদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র জানায়, ৫ জুলাই থেকে এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে সাঙ্গু নদী এবং আশপাশের পাহাড়ি ছড়াগুলোর পানির প্রবাহ দ্রুত বেড়ে যায়। এর ফলে তিন্দু, রেমাক্রী ও নাফাখুম এলাকায় অবস্থানরত পর্যটকেরা ফিরে আসতে পারছেন না। দুর্ঘটনার আশঙ্কায় আপাতত এসব পর্যটন গন্তব্যে নতুন করে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে প্রশাসন।

মন্তব্য করুন