২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পর প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন রবার্তো মার্টিনেজ। স্পেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

মার্টিনেজ বলেন, পর্তুগালের সঙ্গে তার চুক্তির মেয়াদ সোমবারই শেষ হয়েছে। বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই দায়িত্ব গ্রহণ করেছিলেন, কিন্তু সেই লক্ষ্য পূরণ না হওয়ায় দায়িত্বে থেকে যাওয়ার যৌক্তিকতা দেখছেন না।

তিনি বলেন, আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে। বিশ্বকাপ জিততে না পারলে দায়িত্বে থেকে যাওয়ার কোনো অর্থ নেই বলে মনে করি।

পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব পালনকে নিজের ক্যারিয়ারের গর্বের অধ্যায় উল্লেখ করে মার্টিনেজ বলেন, জাতীয় দলের হয়ে এটাই আমার শেষ ম্যাচ। আমি অত্যন্ত গর্বিত। পর্তুগালে আমি এমন উষ্ণ অভ্যর্থনা পেয়েছি যেন আমিও একজন পর্তুগিজ। এই দায়িত্ব পালন করা ছিল আনন্দের, গর্বের এবং একই সঙ্গে বড় একটি দায়িত্ব। এখন নতুন কোচ নির্বাচনের সুযোগ ফেডারেশনের হাতে।