বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচটির আগে দলের একাদশে অন্তত তিনটি পরিবর্তনের আভাস দিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জয় পাওয়া আর্জেন্টিনা এবার দলে নতুন সমন্বয় আনতে যাচ্ছে। স্কালোনির ইঙ্গিত অনুযায়ী, ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের পরিবর্তে শুরু থেকে খেলতে পারেন হুলিয়ান আলভারেজ। এছাড়া থিয়াগো আলমাদার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন লিয়ান্দ্রো পারেদেস।

সংবাদ সম্মেলনে পারেদেসকে নিয়ে স্কালোনি বলেন, কাতার বিশ্বকাপের পর যখনই তিনি পুরোপুরি ফিট ছিলেন, তখনই খেলেছেন। বোকা জুনিয়র্সে থাকাকালে পাওয়া চোটের কারণে শুরুতে তাকে খেলানো সম্ভব হয়নি। সেই সময়ে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার হোল্ডিং মিডফিল্ডারের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। কারণ এনজো ফার্নান্দেজ ক্লাব ফুটবলে তুলনামূলকভাবে আরও এগিয়ে খেলেন।

কেপ ভার্দের বিপক্ষে দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, শুধু বলের দখল ধরে রাখাই লক্ষ্য নয়, প্রতিপক্ষের পাল্টা আক্রমণও কার্যকরভাবে ঠেকাতে হবে। ধৈর্য ধরে পাসিং ফুটবল খেলেই আক্রমণে ওঠার ওপর গুরুত্ব দেন তিনি।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ মিশরকে সমীহ করছেন স্কালোনি। তিনি বলেন, মিশর শক্তিশালী ও আক্রমণাত্মক দল। চার ম্যাচে মাত্র একটি জয় পেলেও প্রতিটি ম্যাচেই তারা প্রতিপক্ষকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। তবে আর্জেন্টিনার বিপক্ষে অনেক দলই নিজেদের স্বাভাবিক কৌশল বদলে ফেলে, আর সে ধরনের পরিস্থিতির জন্য তার দল প্রস্তুত রয়েছে।

একাদশে পরিবর্তন এলেও দলের মৌলিক খেলার ধরনে কোনো পরিবর্তন হবে না বলেও জানান স্কালোনি। তিনি বলেন, একটি ম্যাচে প্রয়োজন অনুযায়ী কৌশল বদলানো সম্ভব হলেও মিশরের বিপক্ষে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ফুটবলই খেলবে। পাশাপাশি খেলোয়াড়দের শারীরিক অবস্থার ওপরও নজর রাখা হচ্ছে।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।