ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে চালু হলো বিনামূল্যের শাটল সার্ভিস, উপকৃত হবেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৮ জুলাই ২০২৬   ৩৪ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরে চালু হলো বিনামূল্যের শাটল সার্ভিস, উপকৃত হবেন যাত্রীরা

ছবি: -সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিনামূল্যের শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (৮ জুলাই) বিমানবন্দরের ক্যানোপি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার উদ্বোধন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন শাটল সার্ভিসটি বিমানবন্দর–বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়–বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা–বিমানবন্দর রুটে চলাচল করবে। ফলে যাত্রীরা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোর মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে দ্রুত ও নিরাপদে যাতায়াতের সুযোগ পাবেন।

বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এই সেবা উল্লেখযোগ্য সুবিধা এনে দেবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বেবিচকের মতে, এই উদ্যোগ ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস, পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং সামগ্রিক যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে আধুনিক ও যাত্রীবান্ধব উদ্যোগ গ্রহণ করছে। তারই অংশ হিসেবে সম্পূর্ণ বিনামূল্যের এই শাটল সার্ভিস চালু করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন এই সেবা যাত্রীদের সময় সাশ্রয়, নিরাপদ চলাচল এবং বিমানবন্দরে উন্নত সেবার অভিজ্ঞতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930