https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলে জানিয়েছেন তিনি।
রোববার সচিবালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোথাও ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর কিংবা সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার আইনে সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের লাভজনক পদে থাকা ব্যক্তিদের অযোগ্যতার বিধান রয়েছে। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৫ সালের এমপিও নীতিমালায় একই সময়ে একাধিক চাকরি বা আর্থিকভাবে লাভজনক পদে থাকার বিষয়ে বিধিনিষেধ রয়েছে।
তিনি বলেন, স্থানীয় সরকার আইন, নির্বাচন বিধিমালা এবং শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা পর্যালোচনা করে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, তা নির্বাচন কমিশন নির্ধারণ করবে। প্রয়োজন হলে কমিশনের আইনগত মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিষয়টি পরিষ্কার করবে।
শিক্ষাগত যোগ্যতা না রাখার কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে মানুষের যোগ্যতা ও জনসেবার মানসিকতাই গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও স্বশিক্ষিত ও সমাজসেবায় দক্ষ হতে পারেন। তাই মানবাধিকার ও সাংবিধানিক দৃষ্টিকোণ থেকেই স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি।