https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তান প্রদেশের রাজধানী বানজারমাসিন যাওয়ার পথে জাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিখোঁজ জাহাজটির নাম ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’। উদ্ধারকারী সংস্থার প্রাথমিক তথ্যে জানা গেছে, মাঝসমুদ্রে বিরূপ আবহাওয়ার মধ্যে পড়ার পর জাহাজটির যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
বানজারমাসিনের তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা আরিয়ান্তো আরদি জানান, জাহাজটির সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর জাভা সাগরে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সর্বশেষ বানজারমাসিন জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে অবস্থানকালে জাহাজটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাহাজটি কোনো চরে আটকে আছে, নাকি সাগরে ডুবে গেছে—তা নিশ্চিত করতে উদ্ধারকারী দল ও তল্লাশিকারীরা অভিযান চালাচ্ছেন।
১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় দ্বীপগুলোর মধ্যে যাতায়াতে ফেরি ও যাত্রীবাহী জাহাজ গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে অতিরিক্ত যাত্রী বহন ও নিরাপত্তা তদারকির ঘাটতির কারণে দেশটির নৌপথে প্রায়ই দুর্ঘটনা ঘটে।