https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দীর্ঘ সাত বছরের বিরতির পর মুক্তি পেয়েই বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘ধামাল ৪’। চিত্রনাট্য ও ভিএফএক্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দর্শক উপস্থিতিতে তার কোনো প্রভাব পড়েনি। মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ছবিটির আয় ৫৩ দশমিক ৮০ কোটি রুপি ছাড়িয়েছে।
গত ১০ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাওয়া ছবিটি দ্বিতীয় দিনে ভারতে প্রায় ১০ হাজার ৯৫৪টি শো থেকে ২২ দশমিক ৫০ কোটি রুপি (নেট) আয় করেছে।
বক্স অফিস পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দুই দিনে ভারতে ছবিটির নেট আয় ৩৬ দশমিক ৫০ কোটি রুপি এবং গ্রস আয় ৪৩ দশমিক ৮০ কোটি রুপি।
ভারতের বাইরেও ছবিটি ভালো ব্যবসা করছে। দ্বিতীয় দিনে ওভারসিজ বাজার থেকে আরও ৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। ফলে দুই দিনে বিদেশি বাজারে মোট আয় দাঁড়িয়েছে ১০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় পৌঁছেছে ৫৩ দশমিক ৮০ কোটি রুপিতে।
২০০৭ সালে শুরু হওয়া জনপ্রিয় ‘ধামাল’ সিরিজের এটি চতুর্থ কিস্তি। এর আগে ২০১১ সালে ‘ডাবল ধামাল’ এবং ২০১৯ সালে ‘টোটাল ধামাল’ মুক্তি পেয়েছিল।
পরিচালক ইন্দ্র কুমারের নির্মাণে নতুন ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, রিতেশ দেশমুখ, জাভেদ জাফরি, রবি কিষাণ, সঞ্জয় মিশ্র, উপেন্দ্র লিমায়ে, অঞ্জলি আনন্দ, সঞ্জীদা শেখ ও এষা গুপ্তা।
দুর্গম এক দ্বীপে লুকিয়ে থাকা গুপ্তধনের খোঁজে একদল লোভী মানুষের অভিযানে নেমে আনাড়ি জলদস্যুদের মুখোমুখি হওয়ার হাস্যরসাত্মক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ধামাল ৪’। দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারায় মুক্তির শুরুতেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে ছবিটি।