মডেল মসজিদ নির্মাণে প্রকল্প ব্যয়, প্রতিটি মসজিদে ব্যয়ের হিসাব এবং ব্যয় বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে আজই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জয়নাল আবেদিন ফারুক বলেন, নতুন মসজিদ নির্মাণের চেয়ে আগে বিদ্যমান মডেল মসজিদগুলোর নির্মাণব্যয় ও মান যাচাই করা জরুরি। তিনি অভিযোগ করেন, একটি মসজিদের ব্যয় ১৩ কোটি টাকা থেকে বেড়ে ২১ কোটিতে পৌঁছেছে এবং অনেক মসজিদে ইতোমধ্যে বিভিন্ন ধরনের ত্রুটি দেখা দিয়েছে।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও নিজের নির্বাচনী এলাকার একটি মডেল মসজিদের দুরবস্থার কথা তুলে ধরে বলেন, মসজিদের অবস্থান ও অবকাঠামোগত সমস্যার কারণে স্থানীয়রা সেটিকে ‘দুর্গাপুরের তাজমহল’ নামে ডাকেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মডেল মসজিদ নির্মাণ একটি ভালো উদ্যোগ হলেও প্রকল্পের ব্যয় নির্ধারণ ও বাস্তবায়ন যথাযথভাবে হয়েছে কি না, তা তদন্তের দাবি যৌক্তিক। তিনি বলেন, অতীত সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি ও সময় বাড়ানোর মাধ্যমে দুর্নীতির সুযোগ তৈরি হয়েছিল।

তিনি আরও বলেন, ১৩ কোটি টাকা কীভাবে ২১ কোটিতে গেল, মোট কতটি মডেল মসজিদ নির্মাণ হয়েছে, প্রকল্পের মোট ব্যয় কত এবং প্রতিটি মসজিদে কত অর্থ ব্যয় হয়েছে—এসব বিষয় তদন্তের জন্য আজই মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনে তদন্তে সরকারের অন্যান্য সংস্থাকেও সম্পৃক্ত করা হবে এবং প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।