https://timenewsbangla.com

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ছবি: -সংগৃহীত
কাতারের সাবেক আমির ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা কাতারের আমিরের কাছে হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার কাতারের লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত রাষ্ট্রীয় শোকবার্তা গ্রহণ অনুষ্ঠানে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে প্রধানমন্ত্রীর শোকবার্তা তুলে দেন।
এ সময় স্পিকার বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে কাতারের আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল থানির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
স্পিকার বলেন, আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত শেখ হামাদ বিন খলিফা আল থানি তাঁর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে গেছেন। একই সঙ্গে বাংলাদেশ-কাতার ভ্রাতৃপ্রতিম সম্পর্ক সুদৃঢ় করতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান উপস্থিত ছিলেন।
শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে, কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাতে স্পিকার মঙ্গলবার সংক্ষিপ্ত সরকারি সফরে দোহা পৌঁছান। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান এবং কাতারের আমির-ই-দিওয়ানের প্রতিনিধি।
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকার বুধবার রাষ্ট্রীয় শোক পালন করে। শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।