বাংলাদেশের বন্দর ও পরিবহন অবকাঠামো খাতে বড় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির শীর্ষ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে বন্দর ব্যবস্থাপনায় মোট ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ জানিয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবাবিষয়ক উপমন্ত্রী রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে সৌদি প্রতিনিধিদল জানায় যে, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি বে টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে দেশের বন্দর ব্যবস্থাপনায় তাদের মোট বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার আগ্রহ প্রকাশ করেছে।

এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে বন্দর, রেলপথ এবং অন্যান্য অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেছে বলেও প্রতিনিধিদল জানায়। এ বিষয়ে দুই দেশের মধ্যে পরবর্তী সময়ে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে সৌদি প্রতিনিধিদলকে অবহিত করেন এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য তাদের ধন্যবাদ জানান।

জবাবে সৌদি প্রতিনিধিদলের সদস্যরা জানান, তারা বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী এবং ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। সৌদি প্রতিনিধিদলে আরও ছিলেন বিনিয়োগ উন্নয়নবিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদের সিইও আমের রেদা, প্রতিষ্ঠানটির সিইও লার্স ভ্যাং, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন আবিয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।