https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আজ ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’। ২০২৪ সালের এই দিনে সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে অংশ নিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যুর পর আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং গণঅভ্যুত্থানের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই স্মৃতিকে ধারণ করে প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।
গত বছরের ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে ১৬ জুলাইকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত জানানো হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আবু সাঈদসহ সব শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করছে।
দিবসটি উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান উপস্থিত থাকবেন।
একই দিনে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের স্মরণে আরেকটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেখানে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
এদিকে, ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে দেশের সব মাদ্রাসায় শহীদদের স্মরণে স্মরণসভা ও বিশেষ মোনাজাত আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, স্মৃতিচারণ এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।