চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় শ্রমিকের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

নিহতরা হলেন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার নুরুল আলম এবং বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দিদারুল আলম (৩২)। তারা দুজনই কনফিডেন্স লবণ কারখানার শ্রমিক ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।