বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার প্রস্তুতির মধ্যেই স্পেন শিবিরে দুশ্চিন্তার খবর। দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরো বৃহস্পতিবার (১৬ জুলাই) দলের প্রথম অনুশীলনে অংশ নেননি।
স্প্যানিশ কোচিং স্টাফ জানিয়েছে, টানা ম্যাচ খেলার কারণে পেশিতে অতিরিক্ত চাপ অনুভব করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলের বাকি খেলোয়াড়রা অনুশীলন করলেও ইয়ামাল ও পোরো আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করেন।
সবচেয়ে বেশি নজর কেড়েছে ইয়ামালের শারীরিক অবস্থা। অনুশীলনের সময় তার বাম উরুতে ইলাস্টিক ব্যান্ডেজ দেখা যায়। মৌসুমের শেষ দিকে বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে একই জায়গায় চোট পেয়েছিলেন এই তরুণ তারকা। সে কারণেই বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন না। তবে নকআউট পর্বে টানা তিন ম্যাচই পুরো সময় মাঠে খেলেছেন।
অন্যদিকে, ডান প্রান্তের ডিফেন্ডার পেদ্রো পোরোও টুর্নামেন্টজুড়ে স্পেনের অন্যতম ভরসা। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে গোল করার পাশাপাশি পুরো আসরেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।
তবে স্পেন শিবিরের আশা, দুজনের সমস্যাই গুরুতর নয় এবং আগামী রোববার (১৯ জুলাই) আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালের আগেই তারা পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

মন্তব্য করুন