নির্ধারিত মাত্রার চেয়ে বেশি প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি কোম্পানির তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন ও বিপণনও বন্ধ রাখতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএফএসএ জানায়, পরীক্ষাগারে বিশ্লেষণে নির্ধারিত মাত্রার অতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়া যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ বাজার থেকে প্রত্যাহার করতে হবে।
বিএফএসএ আরও জানিয়েছে, ভোক্তাদের এসব পণ্য ক্রয় ও গ্রহণ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও পরীক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, এর আগে গত ৩ জুলাই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ইস্ট বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করেছিল।

মন্তব্য করুন