চুয়াডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইনে কনের মাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বরপক্ষ পৌঁছানোর আগেই বিয়ের আয়োজন বন্ধ করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভার গুলশানপাড়া এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন জানায়, ১৮ বছর পূর্ণ না হওয়া এক কিশোরীর বিয়ের আয়োজনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বয়স যাচাই করে বাল্যবিবাহের সত্যতা পাওয়া যায়। এরপর তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এ সময় কনের মাকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না—এ মর্মে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

ইউএনও তিথি মিত্র বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। এ ধরনের ঘটনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।