https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিকে পুরোপুরি থামানো প্রায় অসম্ভব বলে মন্তব্য করেছেন স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। তার মতে, আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে অতিরিক্ত ভাবার চেয়ে স্পেনের উচিত নিজেদের স্বাভাবিক খেলা খেলেই প্রতিপক্ষকে চাপে রাখা।
আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে নিউইয়র্কে এল পার্তিদাসো দে কোপে-কে দেওয়া সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ওকে পুরোপুরি থামানো অসম্ভব। আসল বিষয় হলো, স্পেন নিজেদের খেলায় কতটা আর্জেন্টিনাকে চাপে ফেলতে পারে, সুযোগ তৈরি করতে পারে এবং সেই সুযোগগুলো কাজে লাগাতে পারে।
বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ মেসির প্রভাব কমানোর দায়িত্ব কোনো একক খেলোয়াড়ের নয় বলেও মনে করেন ২০১০ বিশ্বকাপজয়ী এই তারকা।
চলতি বিশ্বকাপে মেসির দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করে ইনিয়েস্তা বলেন, এটা বর্ণনা করার মতো ভাষা নেই। তার দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং প্রতিটি ম্যাচে যা করে, তা শুধু সম্মানের সঙ্গেই স্বীকার করতে হয়।
ফাইনালের চাপ সামলানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ভয় নিয়ে কখনোই খেলতে যাওয়া উচিত নয়। খেলোয়াড়দের আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। পুরো বিশ্বকাপজুড়ে স্পেনের আত্মবিশ্বাস বেড়েছে এবং তারা সর্বোচ্চ আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে নামবে।
স্পেনের প্রস্তুতির প্রশংসা করে ইনিয়েস্তা বলেন, দলের প্রতিটি খেলোয়াড় নিজের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার এবং কে কোন পজিশনে খেলছে, সেটি বড় বিষয় নয়; গুরুত্বপূর্ণ হলো দল হিসেবে পরিকল্পনা বাস্তবায়ন।
ফাইনালে যদি স্পেন এক গোলের ব্যবধানে জেতে, সেই গোল কে করবেন—এমন প্রশ্নে ইনিয়েস্তার জবাব ছিল স্পষ্ট, কে গোল করল, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো, শেষ পর্যন্ত স্পেন যেন বিশ্বচ্যাম্পিয়ন হয়।