https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার মঞ্চে গান গাইলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে আয়োজিত কনসার্টে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে হাজারো দর্শককে মাতিয়ে তোলেন তিনি।
ঝুম বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কনসার্ট শুরুর অনেক আগেই ভেন্যুর বাইরে জড়ো হন ভক্তরা। বিকেল থেকে দীর্ঘ লাইনে অপেক্ষার পর প্রিয় শিল্পীকে দেখতে ভেন্যুতে প্রবেশ করেন তারা। বৃষ্টি, যানজট কিংবা দীর্ঘ অপেক্ষা—কোনো কিছুই কমাতে পারেনি দর্শকদের উচ্ছ্বাস।
মূল পরিবেশনার আগে মঞ্চ মাতান দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। এরপর রাত ৮টা ৫২ মিনিটে মঞ্চে ওঠেন আতিফ আসলাম। তাকে দেখেই করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
আতিফ আসলাম তার জনপ্রিয় গান ‘ও লামহে ও বাতে’, ‘দিল দিয়া গাল্লা’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘তু জানে না’, ‘আদত’, ‘তেরে লিয়ে’ এবং ‘মাস্ত কালান্দার’ পরিবেশন করেন। প্রতিটি গানের সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত দর্শকরা, আর মুহূর্তেই কনসার্ট ভেন্যু পরিণত হয় এক বিশাল সম্মিলিত গানের আসরে।
দর্শকদের কেউ সুরের তালে দুলেছেন, কেউ মোবাইলের আলো জ্বালিয়ে উপভোগ করেছেন প্রিয় শিল্পীর পরিবেশনা। বৃষ্টিভেজা সন্ধ্যায় এই আয়োজন আরও স্মরণীয় হয়ে ওঠে।
কনসার্টে আসা দর্শক রাজিব মিয়া বলেন, আতিফ আসলামের লাইভ পারফরম্যান্স দেখার সুযোগ খুব কম আসে। তাই বৃষ্টি বা দীর্ঘ অপেক্ষা তাদের উৎসাহ কমাতে পারেনি। অন্যদিকে দর্শক মারিয়া নূর জানান, প্রিয় শিল্পীর গান সরাসরি শুনতে পেরে তিনি ভীষণ আনন্দিত।
বড় জনসমাগমের কারণে পুরো আয়োজন ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, বেসরকারি নিরাপত্তাকর্মী ও আয়োজক প্রতিষ্ঠানের নিরাপত্তা দল ভেন্যুর নিরাপত্তার দায়িত্ব পালন করে। একাধিক চেকপয়েন্টে পরিচয় যাচাই ও তল্লাশির পর দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম লাইভ ইন ঢাকা’ কনসার্টে অংশ নিতে গত বুধবার ঢাকায় আসেন আতিফ আসলাম। গত বছরের ডিসেম্বরে নির্ধারিত তার কনসার্ট নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে বাতিল হয়েছিল। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকার দর্শকদের জন্য এক স্মরণীয় সংগীত সন্ধ্যা উপহার দেন তিনি।