ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
২৫ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাংগুয়েজ সেন্টার করবে ইউজিসি, শেখানো হবে ৮টি ভাষা সিপিডির গবেষণা, কৃষক থেকে খুচরা বাজারে আসতে চালের দাম প্রায় দ্বিগুণ আগস্টের শেষ সপ্তাহে খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেটভুক্ত এজেন্সি বাদ দেওয়ার ঘোষণা আমিরাতে ৫ হাজার নয়, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর, গুরুত্ব পাচ্ছে কৌশলগত সম্পর্ক প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমানের সাক্ষাৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ উনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করতে চায় বাংলাদেশ হজের ব্যয় কমতে পারে অন্তত ৪০ হাজার টাকা : বিমান প্রতিমন্ত্রী

ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার ভারতীয় আধার কার্ড, নাম আজহার খান

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ১ বার পঠিত
ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার ভারতীয় আধার কার্ড, নাম আজহার খান

ছবি: -সংগৃহীত

আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের কাছ থেকে ভারতের একটি আধার কার্ড উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার হওয়া কার্ডে তার নাম ‘আজহার খান’ এবং জন্মতারিখ ১২ মে ১৯৯৮ উল্লেখ রয়েছে। তবে কার্ডটি আসল নাকি জাল, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, আধার কার্ডের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।

পুলিশ জানায়, আধার কার্ড ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) কর্তৃক ইস্যুকৃত ১২ সংখ্যার বায়োমেট্রিকভিত্তিক পরিচয়পত্র, যা দেশটিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবায় পরিচয় যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে ২২ জুলাই মামলার এজাহারভুক্ত আসামি মিঠু ওরফে ধামা ইলিয়াছকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে ধামা ইলিয়াছ সন্ত্রাসী নেটওয়ার্ক, অস্ত্রের মজুত এবং সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমন, আল ইসলাম আলিফ ওরফে তমাল, মো. শামীম এবং মো. সাফায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর, রাউজান ও রাঙ্গুনিয়ার একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্যও তদন্তে উঠে এসেছে।

এদিকে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার হওয়া ভারতীয় আধার কার্ডের সত্যতা এবং এটি কীভাবে তার কাছে এসেছে, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।