https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণসহ ১১ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত ১১-দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ১১ দফা দাবি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির স্বার্থে নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের অধিকার ও স্বার্থ রক্ষার লক্ষ্যে উত্থাপন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনভোগান্তি ক্রমেই বাড়ছে। এসব সমস্যা সমাধানে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি দাবি করেন, লংমার্চে বাধা দেওয়া হলে কর্মসূচি আরও জোরালোভাবে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া, ২৪ অক্টোবর ঢাকা-সিলেট রেলযাত্রা এবং ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, সচিবালয় জনগণের সম্পদ এবং সেখানে দায়িত্বে থাকা কর্মকর্তাদের জনগণের দাবি শুনে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
এ সময় গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানানো হয়। পাশাপাশি এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহার না হলে সংশ্লিষ্ট দপ্তর ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।