https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
বলিউড সুপারস্টার শাহরুখ খান ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে ভারতের সব তারকাকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন। আন্তর্জাতিক ফিন্যান্স ও বিজনেস কনসাল্টিং প্রতিষ্ঠান ক্রল–এর ‘সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫’–এ তার বর্তমান ব্র্যান্ড মূল্য ধরা হয়েছে ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার।
প্রতিবেদন অনুযায়ী, এই অর্জনের মাধ্যমে শাহরুখ পেছনে ফেলেছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি–কে। প্রতিবেদনে ভারতের শীর্ষ ২৫ জন তারকার সম্মিলিত ব্র্যান্ড মূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার (২ বিলিয়ন ডলার) বলে উল্লেখ করা হয়েছে।
গত বছরের তালিকায় শাহরুখ ছিলেন তৃতীয় স্থানে। তখন তার ব্র্যান্ড মূল্য ছিল ১৪ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে তার ব্র্যান্ড ভ্যালু ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই সময়ে শাহরুখ নতুন করে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা এন্ডোর্সমেন্টে যুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছে ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার এবং ক্যান্ডেরে। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি হুন্দাই, মিন্ত্রা ও এয়ারবিএনবি–সহ একাধিক আন্তর্জাতিক ও দেশীয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করে আসছেন।
এবারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রণবীর সিং, যার ব্র্যান্ড মূল্য ১৬ কোটি ২৯ লাখ মার্কিন ডলার। গত বছর শীর্ষে থাকা বিরাট কোহলি এবার নেমে গেছেন তৃতীয় স্থানে। তার বর্তমান ব্র্যান্ড মূল্য ১৫ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার।
এদিকে, শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন চলচ্চিত্র কিং–এর কাজ নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চন। সিনেমাটি চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তির পরিকল্পনা রয়েছে।