https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
ক্রিকেটে সর্বকালের সেরা কে—এই বিতর্কের শেষ নেই। অনেকের কাছেই ব্যাটিংয়ের ক্ষেত্রে শচিন টেন্ডুলকারই সর্বকালের সেরা। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লিও শচিনের ব্যাটিং শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো দ্বিধায় নেই। তবে পুরো ক্রিকেটীয় দক্ষতা বিবেচনায় ‘সর্বকালের সেরা’ বেছে নিতে গিয়ে ভিন্ন নাম বলেছেন তিনি।
ব্রেট লির চোখে সর্বকালের সেরা ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস। সম্প্রতি ‘বিয়ার বাইসেপস’ পডকাস্টে এ বিষয়ে নিজের মতামত জানান সাবেক এই অস্ট্রেলিয়ান গতি তারকা।
লি বলেন, আমি সবসময়ই বলেছি, আমার মনে হয় সর্বকালের সেরা ব্যাটার শচিন টেন্ডুলকার। কিন্তু সেরা ক্রিকেটার জ্যাক ক্যালিস। তার পরিসংখ্যান বিশ্বের সেরাদের মধ্যে। সংখ্যাগুলো মিথ্যা বলে না। সে অসাধারণ।
ক্যালিসকে এগিয়ে রাখার পেছনে তার অলরাউন্ড দক্ষতাকেই প্রধান কারণ হিসেবে দেখছেন লি। ব্যাট হাতে দীর্ঘ সময় বিশ্বমানের পারফরম্যান্সের পাশাপাশি বল হাতেও ছিলেন কার্যকর। ফিল্ডিংয়েও তার দক্ষতা ছিল অসাধারণ।
টেস্ট ক্রিকেটে ১৬৬ ম্যাচে ক্যালিস করেছেন ১৩ হাজার ২৮৯ রান। তার ব্যাটিং গড় ৫৫.৩৭ এবং রয়েছে ৪৫টি সেঞ্চুরি। বল হাতে নিয়েছেন ২৯২ উইকেট। সঙ্গে ফিল্ডিংয়ে তার ক্যাচের সংখ্যা ২০০।
ওয়ানডেতেও ছিল ক্যালিসের দুর্দান্ত রেকর্ড। ৩২৮ ম্যাচে ১১ হাজার ৫৭৯ রান করার পাশাপাশি তিনি নিয়েছেন ২৭৩ উইকেট। অর্থাৎ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন তিনি।
অন্যদিকে, শচিন টেন্ডুলকারকে সেরা ব্যাটার হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে ব্রেট লির কোনো দ্বিধা নেই। প্রায় দুই দশক ধরে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে তার ধারাবাহিকতা ও অসাধারণ দক্ষতাই শচিনকে সবার ওপরে রেখেছে বলে মনে করেন তিনি।
মজার বিষয় হলো, আন্তর্জাতিক ক্রিকেটে ব্রেট লি ও জ্যাক ক্যালিস ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। পরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তারা সতীর্থও ছিলেন। ফলে প্রতিপক্ষ ও সতীর্থ—দুই পরিচয়েই ক্যালিসকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন লি।
ক্যালিসের শান্ত স্বভাব ও ম্যাচের আগে তার প্রস্তুতির কথাও স্মরণ করেন অস্ট্রেলিয়ান এই পেসার। লির ভাষায়, গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও ক্যালিস থাকতেন অবিশ্বাস্য রকম শান্ত ও স্বাভাবিক।
তিনি বলেন, ‘একজন সতীর্থ হিসেবে তার পাশে থাকা এবং ম্যাচের আগে তাকে প্রস্তুতি নিতে দেখা ছিল অসাধারণ। ব্যাট করতে যাওয়ার আগে তার হার্ট রেট প্রায় ৩০ বিট প্রতি মিনিটের মতো মনে হতো। সে এতটাই শান্ত ও স্বস্তিতে থাকত।’
ম্যাচের আগে ক্যালিসের একটি মজার অভ্যাসের কথাও জানান লি। তিনি বলেন, ব্যাটিংয়ের পোশাক পরার সময় ক্যালিস প্রথমে একটি মোজা পরতেন, আর অন্যটি মুখে রাখতেন। প্রতিদিনই নাকি একই নিয়ম মেনে চলতেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি।
শচিন টেন্ডুলকারকে সর্বকালের সেরা ব্যাটার মনে করলেও, ব্যাটিংয়ের সঙ্গে বোলিং ও ফিল্ডিং—সব মিলিয়ে জ্যাক ক্যালিসকেই সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে দেখেন ব্রেট লি। তার মতে, ক্রিকেটের প্রতিটি বিভাগে দীর্ঘ সময় ধরে অসাধারণ পারফরম্যান্স করার ক্ষমতাই ক্যালিসকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে।