https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রায় দুই যুগ পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউড তারকা সালমান খান ও সঞ্জয় দত্তকে। এবার কোনো ভারতীয় সিনেমায় নয়, আন্তর্জাতিক অ্যাকশন চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এ জুটি বেঁধেছেন তারা।
বৃহস্পতিবার সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ ও ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’খ্যাত আদিল এল আরবি ও বিলাল ফাল্লাহ যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক এই অ্যাকশন সিনেমায় ভারত, মিশর, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশের অভিনয়শিল্পী রয়েছেন। গল্প আবর্তিত হয়েছে ‘সেভেন ডগস’ নামে একটি আন্তর্জাতিক অপরাধচক্র এবং তাদের তৈরি ভয়ংকর মাদক ‘পিংক লেডি’কে ঘিরে।
ট্রেলারে সালমান ও সঞ্জয়ের চরিত্র নিয়ে রহস্য রাখা হলেও গল্পের গুরুত্বপূর্ণ অংশজুড়েই তাদের উপস্থিতি থাকবে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটি আরবি ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে।
সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি ও রিয়াদ সিজনের সহযোগিতায় সেলা স্টুডিওস প্রযোজিত সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হয় গত ২২ মে মিশরের কায়রোতে। ২৭ মে মধ্যপ্রাচ্যে মুক্তির পর এবার আগামী ২১ আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
এর আগে ‘সাজন’, ‘চল মেরে ভাই’ ও ‘ইয়ে হ্যায় জালওয়া’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সালমান ও সঞ্জয়। এছাড়া এপি ধিলোঁর ‘ওল্ড মানি’ গানের ভিডিওতেও দেখা গেছে এই জুটিকে।