ঢাকা
১৪ আগস্ট ২০২৬

আমদানির সব নিয়ম এক প্রজ্ঞাপনে, সহজ হবে এলসি ও বৈদেশিক লেনদেন

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
আমদানির সব নিয়ম এক প্রজ্ঞাপনে, সহজ হবে এলসি ও বৈদেশিক লেনদেন

আমদানি-সংক্রান্ত ঋণপত্র খোলা, বিদেশে অর্থ পাঠানো, কাগজপত্র দাখিলসহ বৈদেশিক মুদ্রা লেনদেনের বিভিন্ন নির্দেশনা একত্র করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে বিভিন্ন সময়ে দেওয়া নির্দেশনাগুলো হালনাগাদ করে এক জায়গায় আনা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এতে বড় কোনো নতুন সুবিধা বা বিধিনিষেধ আরোপ করা হয়নি।

নতুন প্রজ্ঞাপনে ঋণপত্র খোলা, অনলাইনে আমদানি তথ্য প্রদান, অগ্রিম অর্থ পাঠানো, বিল অব এন্ট্রি দাখিল, আমদানি বকেয়া পরিশোধ, ব্যাক-টু-ব্যাক ঋণপত্র এবং রফতানি আয় দিয়ে আমদানি ব্যয় পরিশোধের নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া ডিজিটাল পদ্ধতিতে কাগজপত্র যাচাই, বিকল্প বাণিজ্য অর্থায়ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও মুক্ত বাণিজ্য অঞ্চলের আমদানি এবং সোনা, রুপা, অলংকার ও বিদেশি মুদ্রার নোট আমদানির বিধানও এতে রাখা হয়েছে।

আগের আলাদা নির্দেশনাগুলোর পরিবর্তে এখন নতুন প্রজ্ঞাপনে একীভূত বিধান অনুসরণ করতে হবে। তবে বাংলাদেশ ব্যাংকে আমদানি-সংক্রান্ত তথ্য ও প্রতিবেদন দেওয়ার বিদ্যমান নিয়ম বহাল থাকবে।

সংশ্লিষ্টদের মতে, সব নির্দেশনা এক জায়গায় থাকায় আমদানিকারক ও ব্যাংকারদের সময় ও প্রশাসনিক জটিলতা কমবে। তবে উদ্যোগটির কার্যকারিতা নির্ভর করবে ডিজিটাল ব্যবস্থা, ব্যাংকের প্রযুক্তিগত সক্ষমতা এবং সংশ্লিষ্টদের নতুন বিধান বাস্তবায়নের ওপর।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031