https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
অন্তঃসত্ত্বা হওয়ার সুখের সময়েও সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। তার শারীরিক পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলে একাংশের নেটিজেন দাবি করেন, অভিনেত্রীর বেবি বাম্প নাকি কৃত্রিম। তবে এসব মন্তব্যের জবাব দিয়েছেন অস্কারজয়ী এই তারকা।
রোববার লস অ্যাঞ্জেলেসে নিজের নতুন সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর প্রিমিয়ারে হাজির হন অ্যান হ্যাথাওয়ে। হাল্টার ক্রপ টপ ও লো-রাইজ জিন্সে লাল গালিচায় দেখা যায় তাকে। পোশাকের কারণে তার বেবি বাম্পও স্পষ্ট ছিল। স্বামী অ্যাডাম শুলম্যানও এ সময় তার সঙ্গে ছিলেন।
প্রিমিয়ারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নানা মন্তব্য। কেউ কেউ অ্যানের বেবি বাম্প নিয়ে সংশয় প্রকাশ করে সেটিকে ‘নকল’ বলেও দাবি করেন।
তবে চুপ থাকেননি অভিনেত্রী। ইনস্টাগ্রামে প্রিমিয়ারের একটি ছবি পোস্ট করে কটাক্ষের জবাবে তিনি লেখেন, ‘চুল নকল হলেও, বেবি বাম্প কিন্তু আসল।’ নিজের চুলে কৃত্রিম এক্সটেনশন ব্যবহারের বিষয়টি মজার ছলে উল্লেখ করে তিনি স্পষ্ট করে দেন, তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই।
চলতি বছরের জুনে তৃতীয় সন্তানের মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আনেন অ্যান হ্যাথাওয়ে। ২০১২ সালে অ্যাডাম শুলম্যানকে বিয়ে করেন তিনি। এই দম্পতির আগে থেকেই দুই সন্তান রয়েছে।
কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অ্যান। ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’র পর এবার তাকে দেখা যাবে সাই-ফাই থ্রিলার ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এ। পাশাপাশি ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা টু’ ছবিতেও অ্যান্ডি স্যাকস চরিত্রে ফিরেছেন তিনি। সামনে ‘ভেরিটি’সহ আরও কয়েকটি সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।