https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’ সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। প্রায় ১৮ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছিল ৮ কোটি রুপিরও কম। কিন্তু সময়ের সঙ্গে সিনেমাটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং এর গানগুলোও পায় কাল্ট মর্যাদা।
দীর্ঘ ১৯ বছর পর সেই সিনেমার সিক্যুয়েল ‘আওয়ারাপান ২’ মুক্তি পাচ্ছে শুক্রবার (১৪ আগস্ট)। তবে প্রেক্ষাগৃহে আসার আগেই দর্শকদের ব্যাপক আগ্রহের প্রমাণ মিলেছে অগ্রিম টিকিট বিক্রিতে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মুক্তির মাত্র ৪৮ ঘণ্টা আগে অগ্রিম বুকিং শুরু হলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১ লাখ ৩০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি প্রায় ৪ কোটি রুপিতে পৌঁছেছে। দ্বিতীয় ও তৃতীয় দিনের বুকিং মিলিয়ে আয় ছাড়িয়েছে ৯ কোটি রুপি।
বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, হলে সরাসরি টিকিট বিক্রি যোগ হলে প্রথম দিনেই ‘আওয়ারাপান ২’ প্রায় ২০ কোটি রুপি আয় করতে পারে। এমনটা হলে এটি হবে ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম বড় উদ্বোধনী আয় এবং চলতি বছরের বলিউডেরও বড় ওপেনিংগুলোর একটি।
প্রায় ৪৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি ও সুবিন্দর ভিকি। নির্মাণ করেছেন নীতিন কক্কর।
একই দিনে সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তি পেলেও অগ্রিম বুকিংয়ের চিত্র বলছে, শুরুতেই এগিয়ে থাকতে পারে ‘আওয়ারাপান ২’। এখন দেখার বিষয়, মুক্তির পরও কি অগ্রিম বুকিংয়ের এই উন্মাদনা ধরে রাখতে পারে সিনেমাটি।