https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াতকারী বাংলাদেশি এমিরেটস যাত্রীরা নির্দিষ্ট ‘এমিরেটস হলিডেজ’ প্যাকেজের আওতায় ৯৬ ঘণ্টার দুবাই ট্রানজিট ভিসা পেতে পারেন। এ সুবিধার আওতায় তারা সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ চার দিন অবস্থান করার সুযোগ পাবেন।
‘এমিরেটস হলিডেজ’-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মরিশাস, জর্ডান, মিসর ও তুরস্কসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য এ সুবিধা চালু করা হয়েছে। ওমরাহ পালনে যাওয়া যাত্রীরাও এ সুবিধা নিতে পারবেন।
নতুন ব্যবস্থায় যোগ্য বাংলাদেশি যাত্রীরা নির্ধারিত ‘এমিরেটস হলিডেজ’ প্যাকেজ কিনে ৯৬ ঘণ্টার ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসা পেলে তারা মূল গন্তব্যে যাওয়ার আগে বা ফেরার পথে দুবাইয়ে সর্বোচ্চ চার দিন অবস্থান করতে পারবেন।
এ সুবিধার ফলে দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক ভ্রমণের মাঝে যাত্রীরা দুবাইয়ে স্বল্প সময়ের বিরতি নেওয়ার পাশাপাশি শহরটির বিভিন্ন পর্যটন ও বিনোদনকেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবেন।
এছাড়া আন্তর্জাতিক যাত্রাপথে দুবাইকে সংযোগস্থল হিসেবে ব্যবহারকারী বাংলাদেশি যাত্রীদের জন্য এ ব্যবস্থা ভ্রমণকে আরও সহজ ও সুবিধাজনক করবে।