ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬

সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে ৬ মাস শুল্ক-কর ছাড়

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ১৩ বার পঠিত
সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে ৬ মাস শুল্ক-কর ছাড়

দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতি কমাতে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের জন্য শুল্ক-কর ছাড় দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে অর্থ ও বাণিজ্যসংক্রান্ত তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রজ্ঞাপন জারির দিন থেকে ১৮০ দিন পর্যন্ত সৌরবিদ্যুৎ প্ল্যান্টের আমদানিকৃত যন্ত্রাংশে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে পূর্ণ অব্যাহতি দেওয়া হবে।

সরকারের আশা, এ সুবিধার ফলে দ্রুত সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং বিদ্যুৎ ঘাটতি কমিয়ে শিল্প উৎপাদন সচল রাখা সম্ভব হবে। পাশাপাশি উৎপাদন ব্যয় ও যন্ত্রপাতির ক্ষতি কমার মাধ্যমে বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে নিম্নস্তরের সিগারেটের দামও পুনর্নির্ধারণের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে। অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ ও রাজস্ব ঘাটতি কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে ‘প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট অ্যাগ্রিমেন্ট’ চুক্তির খসড়া অনুমোদন করা হয়েছে। ১০ বছর মেয়াদি এ চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক নিরাপত্তা ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার আশা করছে সরকার।

হংকং বর্তমানে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ষষ্ঠ বৃহত্তম উৎস। চুক্তিটি পোশাক, টেক্সটাইলসহ বিভিন্ন খাতে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রযুক্তি স্থানান্তরে ভূমিকা রাখবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930