https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিকদের আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত কারিগরি মান লঙ্ঘন করলে তা আইনের ৮০ ও ৮৪ ধারার আওতায় অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
তিনি আরও বলেন, একই আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না।
বিআরটিএর আইনজীবী জানান, স্লিপার বাস চলাচলের জন্য বর্তমানে প্রয়োজনীয় অনুমতি নেই। ফলে হাইকোর্টও এ ধরনের বাস চালানোর অনুমতি দেয়নি।
সম্প্রতি একটি স্লিপার বাস পুকুরে পড়ে কয়েকজন পর্যটক আহত হওয়ার ঘটনার পর মহাসড়কে এসব বাসের নিরাপত্তা ও চলাচল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।