ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬

মির্জাপুরের দাপট, ৭ দিনেই আয় ২১২ কোটি

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
মির্জাপুরের দাপট, ৭ দিনেই আয় ২১২ কোটি

ছবি: -সংগৃহীত

প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহেই দারুণ সাড়া ফেলেছে বহুল আলোচিত সিনেমা ‘মির্জাপুর: দ্য মুভি’। মুক্তির সাত দিনে বিশ্বব্যাপী ছবিটির গ্রস আয় ছাড়িয়েছে ২০০ কোটি রুপি। এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২১২ কোটি ৪৪ লাখ রুপি।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে ভারতে সিনেমাটি নিট ১০ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। এতে দেশটিতে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৭৬ কোটি ৯৪ লাখ রুপি। আর ভারতে এখন পর্যন্ত ছবিটির নিট আয় হয়েছে ১৪৮ কোটি ৪৫ লাখ রুপি। অর্থাৎ শিগগিরই ১৫০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে সিনেমাটি।

মুক্তির প্রথম দিনেই ২৫ কোটি ৭৫ লাখ রুপি আয় করে বক্স অফিসে যাত্রা শুরু করে ‘মির্জাপুর: দ্য মুভি’। এরপর সপ্তাহান্তে আয়ের গতি আরও বাড়ে। তৃতীয় দিনে সর্বোচ্চ ৩৬ কোটি রুপি আয় করে ছবিটি। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দর্শকদের আগ্রহ ধরে রেখেছে সিনেমাটি। দেশের বাইরের বাজার থেকে এখন পর্যন্ত এর আয় ৩৫ কোটি ৫০ লাখ রুপি।

জনপ্রিয় ওটিটি ক্রাইম ফ্র্যাঞ্চাইজি ‘মির্জাপুর’-এর প্রিক্যুয়েল হিসেবে বড় পর্দায় এসেছে সিনেমাটি। গুরমিত সিং পরিচালিত এবং পুনীত কৃষ্ণের লেখা এ ছবিতে তুলে ধরা হয়েছে মূল সিরিজের আগের সময়ের গল্প।

সিনেমাটিতে কালিন ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী, গুড্ডু পণ্ডিত চরিত্রে আলী ফজল এবং মুন্না ভাইয়া চরিত্রে অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা। গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে রয়েছেন রসিকা দুগল, শ্বেতা ত্রিপাঠী, জীতেন্দ্র কুমার ও রবি কিষাণ।

প্রথম সপ্তাহেই ২০০ কোটি রুপির মাইলফলক পেরিয়ে ‘মির্জাপুর: দ্য মুভি’ এখন বক্স অফিসে আরও বড় সাফল্যের পথে এগোচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930