https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং তাঁদের পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে বলে আশ্বাস দেন।
মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে দুই সেনাসদস্য প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকের এই সময়ে সরকার ও সেনাবাহিনী পরিবারগুলোর পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি তাঁদের দেখভালের দায়িত্বও পালন করবে।
এদিকে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের জন্য তাঁদের স্থায়ী ঠিকানায় একটি করে বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি তাঁদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার উদ্যোগও নেওয়া হবে।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ হন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত।
আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষে সাক্ষাতে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশু কন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার। অন্যদিকে তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষে ছিলেন তাঁর স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশু কন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।