ভারতে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় তিনি বিষয়টি উত্থাপন করেন।

বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ আরও সুসংহত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও টেকসই ও মর্যাদাপূর্ণ পর্যায়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে। বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয় উঠে আসে।

এ ছাড়া তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও উদ্ভাবনসহ সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে।

বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধেও উপস্থিত ছিলেন।