অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের সই করা চিঠিতে প্রয়োজনীয় তথ্য ও নথি সরবরাহের অনুরোধ করা হয়েছে।
চিঠিতে দেশের সব ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা চালু, সুপ্ত ও বন্ধ হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি ডেবিট-ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং ঋণসংক্রান্ত নথিও চাওয়া হয়েছে।
এ ছাড়া পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, বিনিয়োগ, ব্যাংক হিসাব, অর্থপাচার ও কথিত শেল কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য ও নথি সরবরাহের অনুরোধ জানিয়েছে দুদক।
দুদকের চিঠিতে আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থপাচার, বিদেশি নাগরিকত্ব গ্রহণ এবং বিদেশে শেল কোম্পানি গঠনের অভিযোগগুলোর উল্লেখ রয়েছে। এসব অভিযোগ এখনো অনুসন্ধানের পর্যায়ে রয়েছে।
এর আগে ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটাসহ বিভিন্ন বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে ১৩ সেপ্টেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে ওঠা নতুন অভিযোগও আগের অনুসন্ধানের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
নতুন অভিযোগে বিদেশে বিপুল অর্থপাচার, সিটি করপোরেশনে নিয়োগ ও টেন্ডার নিয়ন্ত্রণ, জেলা প্রশাসক পদায়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার মতো অভিযোগ রয়েছে। অভিযোগে পাঁচ দেশে মোট ১১ হাজার কোটি টাকা পাচারের দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা অনুসন্ধানের মাধ্যমে যাচাই করবে দুদক।
দুদকের অনুসন্ধানে এরই মধ্যে আসিফ মাহমুদের দায়িত্ব পালনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য করুন