সাভারে সন্ত্রাসীদের হামলায় নিহত পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে নিহত এসআই আলতাফের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী তাদের এ আশ্বাস দেন। এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।

মন্ত্রী জানান, নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের জন্য পুলিশ অধিদপ্তরের কল্যাণ তহবিল থেকে ইতোমধ্যে ৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরিবারের ব্যবসা সচল রাখতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে প্রয়োজনীয় ঋণসহ সার্বিক সহায়তার ব্যবস্থার কথাও জানান তিনি।

কর্মজীবনে আলতাফ হোসেনের নৈতিকতা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে তাকে মরণোত্তর ‘পুলিশ পদক (পিপিএম)’ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে নিহতের স্ত্রী শিউলী পারভীনের হাতে অনুদানের টাকা তুলে দেন তিনি।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের আমিনবাজারের বরদেশী পশ্চিমপাড়ায় একটি অটোরিকশা রাখা নিয়ে বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার হন এসআই আলতাফ হোসেন।

হামলাকারীদের হাত থেকে বাঁচতে তিনি বড় ছেলের ব্যবসাপ্রতিষ্ঠানে আশ্রয় নেন। রাত ৮টা ১০ মিনিটের দিকে দেশীয় অস্ত্র, রড, পাইপ, হাতুড়ি ও লাঠি নিয়ে সেখানে হামলা চালানো হয়। বাবাকে রক্ষা করতে গিয়ে তার ছোট ছেলে মো. আরিফুল ইসলামও গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।