বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅংয়ের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে পাঁচ দশকের বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। এ জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকালে ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশটি সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। আমন্ত্রণের জন্য তাকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তাঁর ভিয়েতনাম সফরের কথা স্মরণ করেন। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য আরও ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক করতে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন।

তিনি বাংলাদেশি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্যের ভিয়েতনামে আমদানি বাড়ানোর আহ্বান জানান।

রাষ্ট্রপতি বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক উন্নয়নে বিদায়ী রাষ্ট্রদূতের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে তার ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।