দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্ককে পুনরায় সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের স্বল্প সময়ের যাত্রাবিরতিকালে বাংলাদেশের পক্ষ থেকে এ সহযোগিতা চাওয়া হয়।
ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ সময় বাংলাদেশের মন্ত্রীদ্বয় দক্ষিণ এশিয়ার জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গির কথাও উল্লেখ করেন তারা।
আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়।
এ ছাড়া ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ উন্নয়ন প্রকল্পে পেশাজীবী এবং দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি দিয়ে সহযোগিতা করার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানানো হয়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ হিসেবে ভুটানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরা হয়।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূতসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জার্মানির উদ্দেশে রওনা হওয়ার আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।


মন্তব্য করুন