শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপি বেগম এবার উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া নতুন বাড়িতে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে বাড়িটি তাঁর কাছে হস্তান্তর করা হয়।
‘আমরা বিএনপি পরিবার’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর তাঁর চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়।
প্রায় এক বছর তাঁর চিকিৎসার পাশাপাশি ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থাও করা হয়। পরে স্থায়ী পুনর্বাসনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর গ্রামে একটি নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে গোলাপি বেগমের হাতে বাড়ির চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তাঁকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনের নেতারা এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসন করা ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ ধরনের মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন