মায়ের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা, মা-ছেলের সম্পর্কের টানাপড়েন, প্রেম, বাস্তবতা ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আপন পর’। একজন সন্তান মায়ের মমতা ও স্বীকৃতি পাওয়ার জন্য কতটা দূর যেতে পারে এবং সেই ভালোবাসার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে হয়—নাটকের গল্পে উঠে এসেছে সেই আবেগঘন বিষয়।

নাটকের প্রধান চরিত্র রিফাতের ভূমিকায় অভিনয় করেছেন তৌসিফ। মায়ের চরিত্রে রয়েছেন বিজরী বরকতুল্লাহ। গল্পে দেখা যায়, ছোটবেলা থেকেই মায়ের স্নেহের অভাব রিফাতকে তাড়িয়ে বেড়ায়। সৎমায়ের কাছ থেকেও আপন সন্তানের মতো ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা ধীরে ধীরে তার মনে গভীর হয়।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মায়ের কাছ থেকে প্রত্যাশিত মমতা ও স্বীকৃতি না পাওয়ার কষ্ট রিফাতকে মানসিকভাবে ভেতর থেকে ভেঙে দেয়। একপর্যায়ে মায়ের একটি ইচ্ছা পূরণ করতে গিয়ে তাকে নিজের জীবনে বড় ধরনের ত্যাগ স্বীকার করতে হয়।

চরিত্রটির আবেগ, হতাশা ও আত্মত্যাগ পর্দায় ফুটিয়ে তুলেছেন তৌসিফ। নাটকে তার বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান।

মেসবাহউদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এর অন্যতম আকর্ষণ ‘আদরে আস্তিন’ গানটি। মাহবুব রহমানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা ও রিয়াদ।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে নাটক ‘আপন পর’।