কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এর আগে সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে মহাসড়কে এসে অবস্থান নেন।
শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে হত্যার বিচার দাবিতে স্লোগান দেন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে দুই পাশে যানজট বাড়ছে। অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। পরে তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।
পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতিম কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনায় জড়িত সন্দেহে তুহিন (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। পরে আনাস নামে আরও একজনকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইফোন নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন।
রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অপ্রতিমকে বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়। জেলা পুলিশ এ ঘটনায় রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানোর কথা জানিয়েছে।

মন্তব্য করুন